আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবুল হাসনাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে দলীয় নেতারা হাসপাতালে ছুটে গেছেন।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন পূর্বপশ্চিমকে জানান, বুধবার আনুমানিক তিনটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য। এর আগে তিনি দীর্ঘদিন বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আবুল হাসনাতের মৃত্যৃতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।